সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অভিষেক ব্যানার্জির বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে কলকাতার কালীঘাটে তার বাড়িতে একদল দুষ্কৃতকারী হামলা চালিয়েছে বলে তিনি দাবি করেছেন।
অভিষেক ব্যানার্জি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টে অভিযোগ করেন যে, হামলার সময় তার বাড়ির সামনে বিজেপি কর্মীরা উপস্থিত ছিলেন। তিনি জানান, টানা দুই দিন নজরদারির পর রাত ২টার দিকে হামলা চালানো হয়। এ ঘটনার ভিডিও ফুটেজ প্রকাশ করে সেটি দেখার আহ্বানও জানান তিনি।
তিনি লেখেন, "একজন নির্বাচিত সংসদ সদস্যের সঙ্গেই যদি এমন ঘটনা ঘটতে পারে, তাহলে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার অবস্থা কী, তা সহজেই অনুমেয়।" অভিষেক দাবি করেন, গত ছয় মাসে এটি তার ওপর সপ্তমবারের মতো প্রাণনাশের চেষ্টা।
অভিষেক অভিযোগ করেন, এ ঘটনায় পুলিশের কোনো পদক্ষেপ নেই এবং বিচার বিভাগেরও কোনো হস্তক্ষেপ দেখা যাচ্ছে না। তিনি বলেন, "বিচার বিভাগ চোখ বন্ধ করে থাকায় রাজ্যজুড়ে দুষ্কৃতকারীরা তাণ্ডব চালানোর সুযোগ পাচ্ছে।"
ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তার জন্মদিন উপলক্ষে অনুসারীরা কালীঘাটের বাড়ির সামনে জড়ো হন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন বিজেপি কর্মী ‘চোর’ স্লোগান দেন। এর ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
অভিষেকের অভিযোগের জবাবে পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, "এটি মানুষের বিভ্রান্তির চেষ্টা।" তিনি সাংবাদিকদের বলেন, "এই প্রথম দেখলাম কোনো রাজনীতিকের জন্মদিন ফুটপাতে পালন করা হচ্ছে।"