মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী সপ্তাহে ইরানে মার্কিন হামলা আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন, যা ইরান ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
ট্রাম্প বলেন, তেহরান আলোচনায় ফিরলেও তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছেন। এই পরিস্থিতিতে মার্কিন সেনাবাহিনী ইরানের বন্দর ও উপকূলীয় এলাকা দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নৌ অবরোধ পুনরায় শুরু করেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য জুড়ে ২০টিরও বেশি মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ও শত শত সামরিক বিমান মোতায়েন রয়েছে।
এদিকে, হরমুজ প্রণালিতে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় ভারত ও নিউজিল্যান্ড ইরানের জ্যেষ্ঠ কূটনীতিকদের তলব করেছে। তারা হরমুজে উত্তেজনা প্রশমন করার আহ্বান জানিয়েছে।
ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের আগে ও চলাকালীন সময়ে ইরানে মার্কিন সামরিক কর্মী ও ঠিকাদারদের লক্ষ্যবস্তু করার জন্য একটি সমন্বিত ফোন-ট্র্যাকিং অভিযান পরিচালিত হয়েছে।