ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর দেশে ফেরার পথে যুক্তরাষ্ট্র কোনো বাধা সৃষ্টি করবে না। যুক্তরাষ্ট্রের এক কূটনীতিক বুধবার এ তথ্য জানিয়েছেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ আমেরিকা বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী লুইস মেন্দেজ কংগ্রেসের এক শুনানিতে বলেন, 'পররাষ্ট্র দপ্তরের নীতি স্পষ্ট। মারিয়া কোরিনার দেশে ফেরার পথে আমরা কোনো বাধা সৃষ্টি করব না।'
মাচাদো গত ডিসেম্বরে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণের জন্য ভেনেজুয়েলা ছাড়েন এবং তারপর থেকে তিনি দেশে ফেরেননি। মেন্দেজ আরও বলেন, 'তবে আমাদের নিশ্চিত করতে হবে যে, ভেনেজুয়েলায় তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় পরিবেশ থাকবে।'
২৪ জুনের ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর মাচাদো একাধিকবার কারাকাসে ফেরার চেষ্টা করেন, কিন্তু ভেনেজুয়েলার কূটনৈতিক চাপের কারণে তিনি তা করতে পারেননি।
যুক্তরাষ্ট্রের সরকার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে মাচাদোর দেশে ফেরার অনুমতি দিতে রাজি করানোর চেষ্টা করেছে কিনা, এমন প্রশ্নের জবাবে মেন্দেজ বলেন, 'হ্যাঁ। আমরা অন্তর্বর্তী কর্তৃপক্ষের কাছে বিষয়টি খুব স্পষ্টভাবে জানিয়েছি।'
চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ডেলসি রড্রিগেজ ক্ষমতায় রয়েছেন। মঙ্গলবার তিনি ঘোষণা দেন, তার সরকার আগামী মাস থেকে বিরোধী দলের সদস্যদের সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেছে।