ইসরায়েলের আদালত ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক সেনাকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে। এই সেনা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে (আইডিএফ) কর্মরত ছিলেন।
২০২৫ সালের ১২ দিনের যুদ্ধ চলাকালীন, ওই সেনা এক ইরানি এজেন্টের কাছে গোপন তথ্য সরবরাহের দায়ে দণ্ডিত হন। আইডিএফ জানায়, তিনি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার একটি ভিডিও অর্থের বিনিময়ে ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছিলেন।
ডয়েচে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সেনাটি একটি অনলাইন ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজসহ বেসামরিক এলাকা থেকে তথ্য পাঠিয়েছেন। তবে, তাকে কখন গ্রেফতার করা হয়েছে সে বিষয়ে স্পষ্ট তথ্য দেয়া হয়নি।
আদালত অভিযুক্তকে পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১ হাজার শেকেল (৩৩৫ ডলার) জরিমানা এবং পদাবনতি করে প্রাইভেট পদে দণ্ডিত করেছে।
উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসে ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, যা ১২ দিন ধরে চলেছিল এবং তার জবাবে তেহরানও পাল্টা হামলা চালায়।