ইরানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলের নাগরিক আলেকজান্ডার গ্রানোভস্কিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
২০২৪ সালে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে গ্রেফতার হওয়া গ্রানোভস্কির বিরুদ্ধে সম্প্রতি আনুষ্ঠানিক অভিযোগপত্র গঠন করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের মাধ্যমে নিয়মিতভাবে এক ইরানি অপারেটিভের সাথে যোগাযোগ রক্ষা করতেন।
গ্রানোভস্কি ইসরায়েলের রাষ্ট্রীয় ও সামরিক নিরাপত্তাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাচারের জন্য হাজার হাজার মার্কিন ডলার পারিশ্রমিক গ্রহণ করেছেন। তদন্তকারীরা দাবি করেছেন, তিনি সাবেক সেনাপ্রধান বেনি গ্যান্টজের বাসভবনের চারপাশের স্পর্শকাতর ছবি ইরানি এজেন্টের কাছে পাঠিয়েছেন।
এছাড়া, গুপ্তচরবৃত্তির পাশাপাশি ইসরায়েলের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করতে সহিংস কর্মকাণ্ডের অভিযোগও আনা হয়েছে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে যে, তিনি অন্তত নয়টি গাড়িতে অগ্নিসংযোগ করেছেন এবং বিভিন্ন স্থাপনার দেয়ালে বিতর্কিত গ্রাফিতি এঁকেছেন।
গ্রানোভস্কি স্থানীয় দাগী অপরাধীদের ভাড়া করার চেষ্টা চালিয়েছিলেন, যাতে সহিংস কর্মকাণ্ড পরিচালনা করা যায়। এই ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।