হরমুজ প্রণালিতে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়া এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেনি। এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো হিউন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ওয়াশিংটন সফরের প্রাক্কালে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সিউলের অবস্থানের কথা স্পষ্ট করেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এই খবর প্রকাশ করেছে।
পররাষ্ট্রমন্ত্রী চো হিউন বলেন, "আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার—এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি এবং আমরা সংশ্লিষ্ট সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছি।" তিনি আরও জানান, যে পদক্ষেপই নেওয়া হোক না কেন, আন্তর্জাতিক সহযোগিতা এবং নাগরিকদের নিরাপত্তাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপে সিউলকে পাশে পেতে চাপ দিচ্ছেন। গত আগস্টে যৌথ সামরিক মহড়ার পরিধি কমিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন হোয়াইট হাউজ।
ইরানও সিউলকে সতর্ক করে জানিয়েছে, তেহরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা করলে মারাত্মক পরিণতির মুখোমুখি হতে হবে।
চো হিউন ওয়াশিংটন সফরে থাকাকালীন শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন, যেখানে মধ্যপ্রাচ্য সংঘাত ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।