মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর মঙ্গলবার বিকেল ৪টা থেকে ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় ফের নৌ অবরোধ কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, বর্তমানে মার্কিন নৌবাহিনীর ২০টির বেশি যুদ্ধজাহাজ ও শতাধিক সামরিক উড়োজাহাজ মধ্যপ্রাচ্যজুড়ে অভিযান পরিচালনা করছে। বাহিনী সবসময় সতর্ক অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
সেন্টকম ইউএসএস জর্জ এইচ. ডব্লিউ. বুশ বিমানবাহী রণতরী থেকে যুদ্ধবিমানের উড্ডয়ন ও অবতরণের একটি ভিডিও প্রকাশ করেছে। তবে রয়টার্স স্বাধীনভাবে ভিডিওটির স্থান ও ধারণের সময় যাচাই করতে পারেনি।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি ট্রাম্প ইরানের সঙ্গে সমঝোতা স্মারক বাতিলের ঘোষণা দেন এবং ইরানের বিরুদ্ধে ফের নৌ অবরোধ কার্যকরের কথা জানান।