বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব বন্ধের পরিপ্রেক্ষিতে ইরান নতুন পদক্ষেপ নিতে পারে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালির পর বাব আল-মান্দেব বন্ধ হলে বিশ্বের এক-চতুর্থাংশ তেল ও গ্যাস পরিবহন ব্যাহত হবে, যা বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে।
বাব আল-মান্দেব প্রণালি, যা উত্তর-পূর্বে ইয়েমেন এবং দক্ষিণ-পশ্চিমে আফ্রিকার দেশ জিবুতি ও ইরিত্রিয়ার মাঝে অবস্থিত, মাত্র ২৯ কিলোমিটার চওড়া। এই পথটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করে। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালি বন্ধের আশঙ্কায় বাব আল-মান্দেবের গুরুত্ব বেড়ে গেছে।
ইরান সম্প্রতি ট্রাম্পের হামলার পর এই পথ বন্ধের ইঙ্গিত দিয়েছে। ইয়েমেনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা অব্যাহত রাখে, তবে তাদের সশস্ত্র বাহিনী বাব আল-মান্দেব বন্ধের জন্য প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, যদি হরমুজ প্রণালি ইরানের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হয়, তবে বাব আল-মান্দেব হতে পারে তাদের শেষ বা বিকল্প বড় অস্ত্র। এই পথ দিয়ে বিশ্বের প্রায় ৫ শতাংশ তেল ও ১০ শতাংশ পণ্য পরিবাহিত হয়, যা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন যে, যদি লোহিত সাগরের এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ হয়, তবে জ্বালানি তেলের দাম দ্রুত বাড়বে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে।