হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে একটি নতুন প্রোটোকল বা সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
আরাঘচি বলেন, ওমানের সঙ্গে সমঝোতা হলেই প্রণালিটি খুলে দেওয়া হবে না, বরং আরও কিছু শর্ত পূরণ করতে হবে। তিনি তার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া বার্তায় উল্লেখ করেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করার বিষয়টি ইরান ও ওমানের সম্ভাব্য সমঝোতার বাইরেও নির্ভর করছে।
তিনি জানান, ইসলামাবাদ সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘনের কারণে ইরানের যে ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়টি হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত।
আরাঘচির ভাষ্য অনুযায়ী, ইরান ও ওমানের মধ্যে আলোচনা বেশ এগিয়েছে এবং দুই দেশ নতুন একটি প্রোটোকলে সম্মত হওয়ার কাছাকাছি রয়েছে। তবে প্রণালিটি পুরোপুরি পুনরায় খুলে দেওয়ার আগে অন্যান্য সংশ্লিষ্ট শর্তও পূরণ করতে হবে।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ, যেখানে বিপুল পরিমাণ তেল ও গ্যাস আন্তর্জাতিক বাজারে সরবরাহ করা হয়। এই নৌপথের নিরাপত্তা ও চলাচল নিয়ে ইরানের যেকোনো সিদ্ধান্ত বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও দামের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।