ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজায়ি বন্দর থেকে চলতি বছরের প্রথম ছয় মাসে ৫০ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রফতানির দাবি করেছে দেশটির হরমোজগান বন্দর ও সমুদ্র পরিবহন সংস্থা (পিএমও)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) পিএমওর মহাপরিচালক হোসেইন আব্বাসনেজাদ জানান, অন্যায় যুদ্ধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও এ বন্দর দিয়ে ৫১ লাখ ৪০ হাজার টন জ্বালানি পণ্য রফতানি করা হয়েছে।
তিনি বলেন, গত এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে কোনো সমঝোতা না আসার পর ইরানের বন্দরে সামরিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।
এছাড়া, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ দফতরের তথ্য অনুযায়ী, এসব নিষেধাজ্ঞার আওতায় ইরানের অপরিশোধিত তেল, জ্বালানি পণ্য ও পেট্রোকেমিক্যাল পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তি, নেটওয়ার্ক এবং ১৭টি জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।