যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে সংঘর্ষের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার, তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে।
অয়েলপ্রাইস ডটকমের সর্বশেষ তথ্য অনুযায়ী, অপরিশোধিত জ্বালানি তেলের প্রধান বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১০২ ডলার ৩ সেন্টে পৌঁছেছে, যা মে মাসের পর সর্বোচ্চ। অন্যদিকে, মার্কিন মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ৯৭ ডলার ৫৮ সেন্টে।
মঙ্গলবার দিনভর চলা সংঘাত এবং যুদ্ধ পরিস্থিতির প্রভাবে তেলের দাম বাড়তে থাকে। গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরান ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। কিন্তু ১৮ আগস্ট সেই সমঝোতার মেয়াদ শেষ হলে নতুন করে উত্তেজনা বাড়তে শুরু করে।
এখন ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব জ্বালানি পণ্যের বাজারে পড়ছে। আগস্টের শেষ সপ্তাহ থেকে অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে, যা ভোক্তাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে।