জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দেশের টেক্সটাইল শিল্পকে সুরক্ষা প্রদানের লক্ষ্যে সুতা আমদানি সংক্রান্ত বন্ড সুবিধা প্রত্যাহার করেছে। এর পরিবর্তে রফতানিকারকদের ব্যাংক গ্যারান্টি দিয়ে সুতা খালাস করতে হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এ সিদ্ধান্তকে সময়োপযোগী আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে এবং সরকারের প্রতি ধন্যবাদ জানিয়েছে। সংগঠনটি জানায়, বন্ড সুবিধার কারণে দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে উৎপাদনযোগ্য ১০ থেকে ৩০ কাউন্ট কটন সুতার চাহিদা ও দেশীয় মিলগুলোর সক্ষমতার ব্যবহার বাধাগ্রস্ত হচ্ছিল।
নতুন সিদ্ধান্তের ফলে স্থানীয় সুতার চাহিদা বৃদ্ধি পাবে এবং বন্ধ ও আংশিক বন্ধ মিলগুলো পুনরায় সচল হবে। বিটিএমএ আশা করছে, এতে বিপুল পরিমাণ কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগ পুনরুদ্ধারের সুযোগ বাড়বে।
বিটিএমএ আরো জানায়, দেশে উৎপাদিত সুতা ব্যবহারে তৈরি পোশাক শিল্পের স্থানীয় মূল্য সংযোজন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এভাবে সুতা আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যয়ও হ্রাস হবে।
সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে জানায়, সাত বিলিয়ন ডলার এক্সপোর্ট প্রসীডস প্রত্যাবিাসিত না হওয়ায় এ নতুন ব্যবস্থা কার্যকর হলে এক্সপোর্ট প্রসীড দেশে আনার বাধ্যবাধকতা তৈরি হবে।