বাণিজ্যিক পণ্যের মূল্য নির্ধারণে ৯৯৯ কিংবা ৯৯ লেখার পেছনে গভীর মনস্তাত্ত্বিক কারণ রয়েছে। ছোটবেলায় গণিতে আমরা শিখেছিলাম যে দুই অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯ এবং তিন অঙ্কের ক্ষেত্রে সেটি ৯৯৯। এই সংখ্যাগুলোর পার্থক্য আমাদের মস্তিষ্কে ভিন্নভাবে প্রতিফলিত হয়।
মার্কেটিং বিশেষজ্ঞরা জানান, গ্রাহক যখন একটি পণ্য দেখেন, তখন মূল্য নির্ধারণের কৌশল হিসেবে ৯৯৯ টাকার অফার তাদের মনোযোগ আকর্ষণ করে। উদাহরণস্বরূপ, ১০০০ টাকার পণ্যটির তুলনায় ৯৯৯ টাকার পণ্যটি তাদের কাছে কম দামী মনে হয়, যদিও পার্থক্য মাত্র এক টাকা।
এই কৌশলকে 'চার্ম প্রাইসিং' বলা হয়, যেখানে পণ্যের মূল্য এক টাকার কম রাখা হয়। গবেষণায় দেখা গেছে, এই ধরনের দাম নির্ধারণের কৌশল ব্যবহার করলে বিক্রির সম্ভাবনা কয়েকগুণ বেড়ে যায়।
অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ক্রেতারা মূল্যের একটি সীমার মধ্যে পণ্য খোঁজেন। যদি তারা ১০০০ টাকার নিচের জামা খোঁজেন, তবে ৯৯৯ টাকার পণ্যটি তাদের সামনে আসবে, যা ক্রেতার কাছে সহজলভ্য মনে হয়।
শুধুমাত্র এক টাকার পার্থক্য ব্যবসার বিশাল মুনাফা সৃষ্টি করতে পারে। তাই এই মনস্তাত্ত্বিক কৌশলগুলি ব্যবসায়িক সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।