রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে

চীনে পেট্রল ও ডিজেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে।

চীনে পেট্রল-ডিজেলের দাম বাড়ছে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের প্রভাবে

চীনের সরকার আন্তর্জাতিক অপরিশোধিত জ্বালানি তেলের দামের সাম্প্রতিক পরিবর্তনের কারণে পেট্রল ও ডিজেলের খুচরা মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দেশটির শীর্ষ অর্থনৈতিক পরিকল্পনা সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশন (এনডিআরসি) এ ঘোষণা দেয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে চীনে প্রতি টন পেট্রোলের দাম ২৬০ ইউয়ান (প্রায় ৩৮ দশমিক ৩৮ মার্কিন ডলার) এবং ডিজেলের দাম ২৫০ ইউয়ান বাড়বে। এনডিআরসি জানিয়েছে, বর্তমানে মূল্য নির্ধারণ কাঠামো অনুযায়ী, পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ৪৩৫ ইউয়ান ও ৪২০ ইউয়ান প্রতি টন বাড়ার কথা ছিল। তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির প্রভাব কমাতে নির্ধারিত হারের চেয়ে কম পরিমাণে দাম বাড়ানো হয়েছে।

নতুন মূল্য সমন্বয়ের ফলে ব্যক্তিগত গাড়ির মালিকরা ট্যাংক ভর্তি করার সময় প্রায় ৭ ইউয়ান কম খরচ করবেন, অন্যদিকে ট্রাক চালকদের প্রতি ট্যাংকে প্রায় ৭৫ ইউয়ান কম ব্যয় হবে। এনডিআরসি জানিয়েছে, গত ২৮ আগস্ট চীনে পরিশোধিত জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয়ের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নতুন করে তীব্র হয়েছে, যার ফলে আন্তর্জাতিক অপরিশোধিত তেলের দাম দ্রুত বেড়েছে।

চীনের তিন বড় তেল কোম্পানি—চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি), চায়না পেট্রোকেমিক্যাল করপোরেশন (সিনোপেক) এবং চায়না ন্যাশনাল অফশোর অয়েল করপোরেশন (সিএনওওসি)—সহ অন্যান্য শোধনাগারকে উৎপাদন ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এনডিআরসি জানিয়েছে, বর্তমানে ভূরাজনৈতিক অনিশ্চয়তা উল্লেখযোগ্য পর্যায়ে রয়েছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র-ইরানের পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি তেলের দামে কী ধরনের প্রভাব ফেলে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন।

এদিকে, চীনের জাতীয় জ্বালানি প্রশাসন ও এনডিআরসি যৌথভাবে প্রকাশিত খাতভিত্তিক পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে দেশটির অভ্যন্তরীণ তেল ও গ্যাস সরবরাহ ৪৪ কোটি টন তেল সমতুল্য পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে চীনের মোট তেল ও গ্যাস উৎপাদন রেকর্ড ৪২ কোটি টনে পৌঁছেছে।

বিজ্ঞাপন