রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে ইউএইর তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালিতে ইউএইর তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা, আহত হয়নি কেউ।

হরমুজ প্রণালিতে ইউএইর তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (অ্যাডনক) একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। হামলার খবর নিশ্চিত করেছে সিএনএন।

শনিবার (৮ আগস্ট) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়ামের মাধ্যমে অ্যাডনক জানায়, হামলায় কেউ আহত হননি এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) হামলার নিন্দা জানিয়েছে। তারা ইরানকে এ হামলার জন্য দায়ী করেছে।

জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি একটি বিবৃতিতে বলেন, "এই হামলা একটি বিপজ্জনক ও অগ্রহণযোগ্য। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথে নৌ চলাচলের নিরাপত্তা ও সুরক্ষার জন্য সরাসরি হুমকি।"

শুক্রবার (৭ আগস্ট) পৃথক এক বিবৃতিতে অ্যাডনক জানায়, চলতি সপ্তাহেই হরমুজ প্রণালিতে তাদের তিনটি জাহাজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার শিকার হয়েছে।

যুদ্ধ শুরুর পর থেকে অ্যাডনকের মোট ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে, যার ফলে একজন ক্রু নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

এর আগে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সরকারি ওয়েবসাইট সেপাহ নিউজ জানায়, ইউএইর একটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে এবং সেটি আগুনে জ্বলছে।

বিজ্ঞাপন