হরমুজ প্রণালি ঘিরে আবারও পাল্টাপাল্টি হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। ৫ সেপ্টেম্বর শনিবার মার্কিন একটি বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
তেহরানের দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি জাহাজের চলাচলে বাধা দিচ্ছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিচ্ছিল। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র যুদ্ধজাহাজ দুটি এড়িয়ে গেছে এবং এতে কোনো মার্কিন সেনা আহত হয়নি।
এর জবাবে, যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী ট্যাংকারে হামলা চালানোর কথা জানিয়েছে। সেন্টকমের ভাষ্য অনুযায়ী, খার্গ দ্বীপের উপকূল ও জাস্কের কাছে দুটি ট্যাংকার অচল করে দেওয়া হয়েছে এবং গালফ অব ওমানে আরেকটি খালি ট্যাংকার ধ্বংস করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, খার্গ দ্বীপের কাছাকাছি নোঙর করা একটি ট্যাংকারে চারটি মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানানো হয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক এই হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলও এরই মধ্যে ব্যাপকভাবে কমে গেছে।