যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে রাশিয়া। বর্তমানে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে চলেছেন।
রুশ সংবাদমাধ্যম আরটির বিশ্লেষণী প্রতিবেদনে জানানো হয়েছে, মস্কোর মধ্যস্থতায় তেহরানের স্বার্থ রক্ষা এবং রাজনৈতিক সুবিধা অর্জন করতে পারে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বর্তমানে এমন এক জটিল পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের পথ খুঁজছে। তবে, একই সঙ্গে নতুন সংঘাতের প্রস্তুতিও নিচ্ছে তারা। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর, ডোনাল্ড ট্রাম্পের কাছে কূটনৈতিক সমাধানের প্রয়োজনীয়তা বেড়েছে।
ইরান নিয়ে চলমান সংঘাত ভোটারদের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাত অব্যাহত থাকলে তা অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। ট্রাম্পকে ব্যাখ্যা করতে হবে কেন শক্তি প্রয়োগের পরও কাঙ্ক্ষিত ফলাফল আসেনি।
অন্যদিকে, আট মাসের অচলাবস্থার পর ইরানও আলোচনার পথ বেছে নিতে আগ্রহী। সংকটের কূটনৈতিক সমাধান খুঁজতে সম্প্রতি রাশিয়া ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে তেহরান।
বিশেষজ্ঞরা বলছেন, রাশিয়ার মধ্যস্থতা উভয় পক্ষের জন্য সুবিধাজনক হতে পারে। মস্কো উভয় পক্ষকে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করতে পারে, যা ইরানের স্বার্থ রক্ষা করবে এবং ট্রাম্পকে কূটনৈতিক বিজয় এনে দেবে।
এ জন্য উভয় পক্ষকেই আপসের মানসিকতা রাখতে হবে। পুতিন প্রশাসনের বর্তমান অবস্থান রাশিয়াকে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করার সুযোগ দিচ্ছে এবং আলোচনার জন্য একটি মঞ্চ তৈরি করতে সক্ষম করছে।