লেবাননের দক্ষিণাঞ্চলের তেবনিন শহরের এতিমখানার মেয়েরা স্বাভাবিক জীবনে ফিরতে চায়। ইসরায়েলি হামলায় অভিভাবক হারানো এই মেয়েদের কেউ চিকিৎসক হতে চায়, আবার কেউ উচ্চতর ডিগ্রি নেয়ার স্বপ্ন দেখছেন। তবে, নতুন করে ইসরায়েল-হিজবুল্লাহ যুদ্ধের শঙ্কায় তাদের স্বপ্ন ভেস্তে যেতে পারে।
তেবনিনের এতিমখানায় ৪ বছর বয়সী সৎ বোন মালাক'কে নিয়ে থাকছেন ১৩ বছরের ইনায়া সুলতান। ইনায়ার বাবা একজন স্বাস্থ্যকর্মী ছিলেন, যিনি মার্চে ইসরায়েলি হামলায় নিহত হন। ইনায়া চিকিৎসাশাস্ত্রে পড়ার স্বপ্ন দেখছেন, আর মালাক বড় হয়ে হতে চায় দমকলকর্মী কিংবা স্বাস্থ্যকর্মী।
ইনায়া বলেন, ‘যখন খুব কাঁদতে ইচ্ছে করে, তখন কিছুটা কেঁদে মনের ভার হালকা করি। তবে, ছোট বোনের সামনে কাঁদি না। কারণ, সেও কাঁদতে শুরু করবে।’ এভাবে, প্রায় ৪০ জন মেয়ে এই এতিমখানায় আশ্রয় নিয়েছে, যারা ইসরায়েলি হামলায় বাবা-মা বা তাদের একজনকে হারিয়েছে।
এতিমখানার পরিচালক আলী সাদ জানান, ২০১৯ সালের অর্থনৈতিক ধসের কারণে সরকারি অনুদান কমে গেছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সহায়তার মেয়াদও এ বছর শেষ হয়ে যাবে। নতুন সংঘাতের শঙ্কা তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মার্চ থেকে ইসরায়েলি হামলায় ৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। জুনে যুদ্ধবিরতি হওয়ার পর থেকে সংঘাত কিছুটা কমলেও, ইসরায়েলি সেনারা এখনও দক্ষিণ লেবাননের বড় এলাকা দখল করে রেখেছে।