ওমান উপসাগরে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে আরোপিত নৌ অবরোধ অমান্য করার অভিযোগ রয়েছে।
মার্কিন সেনেটর ক্রিস মারফি হামলার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, "এভাবে জাহাজে হামলা চালাতে করদাতাদের অর্থ থেকে কেন শত শত কোটি ডলার ব্যয় করা হচ্ছে, সেই প্রশ্নের জবাব প্রয়োজন।" তিনি আরও জানান, ইরানকে আলোচনায় নিজেদের অবস্থান মেনে নিতে বাধ্য করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হামলার সময় জাহাজটির নাবিকেরা বারবার সতর্ক করার পরও নির্দেশনা উপেক্ষা করেন। হামলায় পানামার পতাকাবাহী 'এম/ভি ওশান মোলিকা' নামের জাহাজটির পেছনের অংশে আঘাত হানে একটি মার্কিন যুদ্ধবিমান।
সেন্টকমের দাবি, হামলার ফলে জাহাজটির চালনা ব্যবস্থা পুরোপুরি অচল হয়ে যায়, তবে নাবিকদের কেউ আহত হননি। হামলার সময় জাহাজটি ইরানের একটি বন্দর থেকে যাত্রা শুরু করে আঞ্চলিক জলসীমা অতিক্রমের চেষ্টা করছিল।
গত তিন মাসে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ কার্যকর করার অংশ হিসেবে চারটি বাণিজ্যিক জাহাজ অচল করা হয়েছে এবং ১৩৫টি জাহাজকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তেল পরিবহন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট ১০টি ট্যাংকারও ধ্বংস করা হয়েছে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে হামলার বিষয়ে কোনো পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।