ইরানে সম্ভাব্য নতুন মার্কিন হামলার প্রস্তুতিতে রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তার অভিযোগ উঠেছে। গবেষকদের মতে, রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যের মাধ্যমে আমেরিকার সামরিক তৎপরতা, সেনা মোতায়েন ও যোগাযোগের ওপর নজর রাখা হচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কা বাড়ছে। রাশিয়ার স্যাটেলাইট গোয়েন্দা সহায়তা ইরানকে আগাম সতর্কতা ও পাল্টা হামলার প্রস্তুতির জন্য বাড়তি সক্ষমতা দিচ্ছে।
গবেষকরা জানিয়েছেন, গত ৮ মাস ধরে রাশিয়ার কসমস-টুয়েন্টি সিক্স হান্ড্রেড সিরিজের সামরিক স্যাটেলাইটগুলোর গতিপথ পর্যবেক্ষণ করা হচ্ছে। অন্তত ২০টি রুশ স্যাটেলাইটের নজরদারি মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামোর ওপর রয়েছে।
স্যাটেলাইটগুলো ইরান, ইসরায়েল, সিরিয়া, লেবানন, ইরাক ও সৌদি আরবসহ বিস্তীর্ণ অঞ্চলের ওপর নজরদারি করছে। এসব স্যাটেলাইট দিনে ৩ থেকে ৪ বার নির্দিষ্ট এলাকায় চলে যায়, যার ফলে মার্কিন যুদ্ধবিমান ও নৌবহরের অবস্থান পরিবর্তন এবং সেনা মোতায়েনের তৎপরতার ওপর নজর রাখা সম্ভব হচ্ছে।
বিশ্লেষকদের ধারণা, রাশিয়া ইরানের সঙ্গে এই গোয়েন্দা তথ্য ভাগাভাগি করলে তেহরান মার্কিন হামলার জন্য আগাম প্রস্তুতি নিতে সক্ষম হবে। এতে ইরান সামরিক ঘাঁটি ও সরঞ্জামের অবস্থান পরিবর্তন করতে পারবে।
এদিকে, সরাসরি যুদ্ধে অংশ না নিয়েও রাশিয়া মধ্যপ্রাচ্যে নিজেদের কৌশলগত প্রভাব বাড়ানোর সুযোগ পাচ্ছে। গোয়েন্দা সহায়তার ওপর নির্ভরশীলতা বৃদ্ধি পাওয়ায় তেহরানের ওপর রাশিয়ার প্রভাবও বাড়ছে।
এই পরিস্থিতি মার্কিন সামরিক পরিকল্পনাকে জটিল করে তুলছে। কারণ, সেনা সমাবেশ থেকে যুদ্ধবিমান ও নৌবহরের অবস্থান প্রতিপক্ষের নজরদারিতে আসার ঝুঁকি রয়েছে। গবেষকদের মতে, ওয়াশিংটনকে নতুন করে সামরিক কৌশল সাজাতে হতে পারে।