ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা মোহসেন রেজাই সতর্ক করেছেন যে, যুক্তরাষ্ট্রের হামলা আরও কয়েকদিন অব্যাহত থাকলে ইরান 'ফুল স্কেল অফেনসিভ অপারেশন' শুরু করবে।
শুক্রবার (১৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে রেজাই বলেন, "যদি যুক্তরাষ্ট্র আগামী কয়েকদিনও ইরানে হামলা চালিয়ে যায়, তাহলে তেহরান বর্তমান অবস্থান থেকে সরে এসে আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করবে।"
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের কোনো এলাকা দখলের চেষ্টা করে, তাহলে ইরান কেবল আত্মরক্ষামূলক অবস্থানে থাকবে না। বরং, প্রতিরক্ষামূলক যুদ্ধের পরিবর্তে আক্রমণাত্মক যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।
রেজাইয়ের এই মন্তব্য এমন সময় এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। উভয় পক্ষ একের পর এক পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে, যা মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি করেছে।