মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানের হিট লিস্টে ট্রাম্পসহ ১৩ বিশ্বনেতার নাম

ইরানের হামশাহরি পত্রিকা প্রকাশ করেছে ১৩ বিশ্বনেতার নাম, তালিকার শীর্ষে ট্রাম্প ও নেতানিয়াহু।

ইরানের হিট লিস্টে ট্রাম্পসহ ১৩ বিশ্বনেতার নাম

ইরানের কট্টরপন্থী পত্রিকা দৈনিক হামশাহরি একটি বিস্ফোরক তালিকা প্রকাশ করেছে, যেখানে বিশ্বের ১৩ প্রভাবশালী নেতার ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে। তালিকার শীর্ষে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এই তালিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ ম্যারৎসসহ ইউরোপ ও যুক্তরাষ্ট্রের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন।

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রথম বার্তার সঙ্গে তালিকা প্রকাশ করা হয়। তিনি বলেন, 'প্রতিশোধ আমাদের জাতির ইচ্ছা, এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে।' তবে তিনি নির্দিষ্ট কোনো ব্যক্তির নাম উল্লেখ করেননি।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, সাম্প্রতিক সময়ে ট্রাম্পকে লক্ষ্য করে সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে গোয়েন্দা তথ্য পর্যবেক্ষণ করছিল ওয়াশিংটন। ট্রাম্প নিজেও সাংবাদিকদের বলেন, 'তারা যুক্তরাষ্ট্রের নেতাকে সরিয়ে দিতে চায়—অর্থাৎ আমাকে। আমি তাদের টার্গেট লিস্টের ১ নম্বরে আছি।'

এই তালিকা প্রকাশের পর মধ্যপ্রাচ্যের উত্তেজনা আবারও চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এবং উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

তবে তালিকাটি আদৌ কোনো সরকারি পরিকল্পনার অংশ, নাকি একটি কট্টরপন্থী সংবাদপত্রের রাজনৈতিক বার্তা—সেই প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের সংঘাত এখন আর শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ নয়; বরং এটি বার্তা, প্রতীক এবং মনস্তাত্ত্বিক চাপের অংশ হয়ে উঠেছে।

বিজ্ঞাপন