হরমুজ প্রণালিতে তিনটি তেল ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রোববার এক বিবৃতিতে এই ঘটনা নিশ্চিত করেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার ভোরের দিকে অনুমোদনহীন তিনটি ট্যাঙ্কার প্রণালির অবৈধ চ্যানেল দিয়ে যাওয়ার সময় বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। তবে ট্যাঙ্কারগুলো সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানায়নি আইআরজিসি।
একদিন আগে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। পরে ওই ট্যাঙ্কার এবং এর কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে, শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, গত ৪৮ ঘণ্টায় তিনি ওমান, মিসর, সৌদি, কাতার, তুরস্ক, পাকিস্তানসহ ১২ দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এ সময় উত্তেজনা প্রশমনের উপায় নিয়ে কথা হয়েছে।