ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে চলমান যুদ্ধ ও সংঘাতের কারণে খাদ্যসংকট মারাত্মক আকার ধারণ করেছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, দেশে প্রতি চার পরিবারের মধ্যে প্রায় তিনটি পরিবারই পর্যাপ্ত খাবার জোগাড় করতে পারছে না।
৩ অক্টোবর শনিবার প্রকাশিত ডব্লিউএফপির তথ্য অনুযায়ী, ইয়েমেন সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ৭৪ শতাংশ পরিবার তাদের ন্যূনতম খাদ্য চাহিদা পূরণ করতে পারছে না। এই হার চলতি বছরে সর্বোচ্চ বলে উল্লেখ করা হয়েছে।
ডব্লিউএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকায় প্রায় এক কোটি মানুষ বসবাস করছেন। সংঘাতের কারণে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং খাদ্য সরবরাহ ও বাজার ব্যবস্থা ব্যাহত হচ্ছে।
ইয়েমেনের খাদ্য সংকট দ্রুত গভীর হচ্ছে, কারণ দেশটির মোট খাদ্য চাহিদার প্রায় ৯০ শতাংশই আমদানির মাধ্যমে পূরণ করা হয়। তবে চলমান সংঘাতের কারণে বাজার ব্যবস্থা বিঘ্নিত হওয়ার ফলে খাদ্য সংকট তীব্র হচ্ছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইয়েমেনে লড়াই উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী এবং সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের ফলে পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
জাতিসংঘের খাদ্য কর্মসূচি জানিয়েছে, যুদ্ধ, বাস্তুচ্যুতি, খাদ্য সরবরাহে বিঘ্ন এবং মানবিক সহায়তার সুযোগ সংকুচিত হওয়ায় ইয়েমেনে ক্ষুধার পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে।