ভারত-পাকিস্তান সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে ২ পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) রেডিও পাকিস্তান এই তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, শুক্রবার দুই দেশের আন্তর্জাতিক সীমান্তের কাছে বিএসএফ সদস্যদের গুলিতে ২ পাকিস্তানি নিহত এবং ১ জন আহত হয়েছেন। পাঞ্জাব প্রদেশের কাসুর জেলার ওই তিন বাসিন্দা একটি সীমান্ত স্তম্ভের কাছে পৌঁছালে বিএসএফ সদস্যরা কোনো সতর্কবার্তা ছাড়াই তাদের ওপর গুলি চালায়।
পাকিস্তানি সূত্রগুলো জানায়, ওই তিনজনের মধ্যে কেউই সীমান্ত বেড়া পার হওয়ার চেষ্টা করেনি এবং তারা সকলেই নিরস্ত্র ছিল। তবে, দু দেশের কোনো পক্ষ থেকেই এই ঘটনার বিষয়ে নিশ্চিত মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, ভারতীয় গণমাধ্যম ঘটনাটিকে একটি 'অনুপ্রবেশের' প্রচেষ্টা বলে অভিহিত করেছে।