মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপ তাদের মজুত থাকা বিপুল পরিমাণ ডিজেল তেল ছাড়তে সম্মত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
ট্রাম্প বলেন, "ইউরোপ এইমাত্র তাদের বিপুল পরিমাণে মজুত করা ডিজেল তেল ছাড়তে সম্মত হয়েছে। প্রক্রিয়াটি অবিলম্বে শুরু হবে।" তিনি আরো যোগ করেন, ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব ভালো এবং ইউরোপের কাছে প্রচুর ডিজেল মজুদ রয়েছে।
ডিজেল রফতানি নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "এটি আসলে কখনোই আলোচনার মধ্যে ছিল না। ইউরোপ যা করেছে তা একটি দারুণ কাজ।"
বৃহস্পতিবার, ট্রাম্প জ্বালানির দাম কমাতে সাহায্য করার জন্য ইউরোপীয় দেশগুলোকে তাদের ডিজেল মজুদের কিছু অংশ ছেড়ে দিতে বলার কথাও বলেন।
বৈশ্বিক জ্বালানি বাজারে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও অস্থিরতার প্রেক্ষাপটে, জি৭ নেতারা শুক্রবার জরুরি তেল মজুদ থেকে চার মাসের মধ্যে সমন্বিতভাবে ১০ কোটি ব্যারেল তেল ছাড়ার প্রক্রিয়া শুরু করতে সম্মত হয়েছেন।