শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউএসএস থিওডোর রুজভেল্ট, বাড়ছে সামরিক উপস্থিতি

মধ্যপ্রাচ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট ও মেরিন সেনাদের মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

মধ্যপ্রাচ্যে যাচ্ছে ইউএসএস থিওডোর রুজভেল্ট, বাড়ছে সামরিক উপস্থিতি

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী ও আরও একটি মেরিন ডিভিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১ অক্টোবর) এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।

প্রতিবেদন অনুযায়ী, ইউএসএস থিওডোর রুজভেল্ট এবং মার্কিন মেরিন সেনাদের একটি অতিরিক্ত ডিভিশন ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। এই বাহিনী দীর্ঘমেয়াদি মোতায়েনের অংশ হিসেবে এ অঞ্চলে অবস্থান করবে। গত রোববার সান ফ্রান্সিসকো থেকে যাত্রা শুরু করে বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্ট।

এর একদিন পর, সান দিয়েগো থেকে যাত্রা করে ইউএসএস মাকিন আইল্যান্ড অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ। এই বহরে রয়েছে ১৩তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট, যাতে প্রায় ২ হাজার ২শ' মেরিন সেনা ও অন্যান্য সদস্য রয়েছেন।

সর্বশেষ মোতায়েন-চিত্র অনুযায়ী, আরব সাগরে ইতোমধ্যে দুটি মার্কিন বিমানবাহী রণতরী অবস্থান করছে, যথা ইউএসএস জর্জ ওয়াশিংটন ও ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ। জর্জ ওয়াশিংটন গত আগস্টের মাঝামাঝি সময়ে মধ্যপ্রাচ্যে পৌঁছায়।

এই দুটি রণতরী ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হিসেবে কাজ করছে, যেখানে যুদ্ধবিমান ও বিভিন্ন সহায়ক নৌযান রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও কার্যক্রমে এসব বহর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে, ইউএস নেভাল ইনস্টিটিউট নিউজ জানিয়েছে, থিওডোর রুজভেল্টকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের আওতাধীন এলাকায় পাঠানো হচ্ছে, যা ইউএসএস জর্জ ওয়াশিংটনকে প্রতিস্থাপন করবে।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর অংশ হিসেবে আরব সাগরে ইউএসএস বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপও মোতায়েন রয়েছে। এই বাহিনীতে ১১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিট এবং অন্যান্য জাহাজ অন্তর্ভুক্ত রয়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত এই অতিরিক্ত মোতায়েনের ফলে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা থাকবে এবং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের ক্ষেত্রে তাঁর সামনে আরও বিস্তৃত বিকল্প তৈরি হবে।

বিজ্ঞাপন