আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় ২২ জন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।
হেলমান্দ ও কুনার প্রদেশে সন্ত্রাসীদের গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। যদিও আফগানিস্তানের সরকার দাবি করেছে, হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, বুধবার গভীর রাতে এই হামলাগুলো পরিচালিত হয়। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে বলেন, হামলায় ৩টি বাড়ি ধ্বংস হয়েছে।
মুজাহিদ হামলার নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের পরিপন্থি অপরাধ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই ধরনের হামলা আফগানিস্তানের সার্বভৌমত্বের প্রতি আঘাত।
গত ৩ মাসে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কম থাকলেও, সাম্প্রতিক দুই সপ্তাহে পরিস্থিতির অবনতি ঘটেছে। এই সময়ে পাকিস্তান তালেবান সরকারের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীর হামলার জন্য দায়ী করেছে।