আসন্ন রমজান উপলক্ষে বাজারে খেজুর, মাল্টা ও আপেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার এসব পণ্যের আমদানিতে শুল্ক ও করভার কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
সরকার খেজুর আমদানিতে কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করেছে। এছাড়া, মাল্টা ও আপেল আমদানিতে বিদ্যমান ১২১.৭৮ শতাংশ মোট করভার কমিয়ে ৬১ শতাংশ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এই প্রস্তাবটি উত্থাপন করে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে ৫ শতাংশ কাস্টমস শুল্ক কার্যকর থাকবে।
এছাড়া, আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত মাল্টা ও আপেল আমদানিতে কমানো করভার কার্যকর থাকবে। এর মধ্যে এইচএস কোড ০৮০৫১০৯০-ভুক্ত মাল্টা এবং ০৮০৮১০৯০-ভুক্ত আপেল আমদানিতে মোট করভার ১২১.৭৮ শতাংশ থেকে কমিয়ে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।