যশোরে ১ হাজার ৭৮০ গ্রাম ওজনের ১৫টি স্বর্ণের বারসহ তিন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে ৪৯ বিজিবির ১ নম্বর গেটের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের হাবিবুর রহমান (২৫), কেঁড়াগাছি গ্রামের সুমন হোসেন (২৩) এবং সুলতানপুর গ্রামের হেদায়রু রহমান (৩৮)। বিজিবি জানায়, আটক তিন ব্যক্তির শরীরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে, তারা ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে স্বর্ণের বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৮৮ লাখ ৬১ হাজার টাকা।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১৫টি স্বর্ণের বার, যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা; ২৩ গ্রাম রৌপ্য, মূল্য ৭ হাজার টাকা; একটি প্রাইভেট কার, মূল্য ৩২ লাখ টাকা; চারটি মোবাইল ফোন, মূল্য ৪৮ হাজার টাকা; দুটি হাতঘড়ি, মূল্য ৩ হাজার টাকা এবং নগদ ৩ হাজার টাকা।
এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের জব্দ করা মালামালসহ যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বেড়েছে। বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।