শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

দোহা চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জিতেছে চীনের ‘আ গার্ল আননোন’

দোহা চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জিতেছে চীনের ‘আ গার্ল আননোন’ এবং অন্যান্য উল্লেখযোগ্য পুরস্কার।

দোহা চলচ্চিত্র উৎসবে সেরা পুরস্কার জিতেছে চীনের ‘আ গার্ল আননোন’

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্রের পুরস্কার জিতেছে চীনা নির্মাতা জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’।

শুক্রবার (২৭ নভেম্বর) উৎসবের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান দোহা ফিল্ম ইনস্টিটিউট (ডিএফআই)। এবারের আসরে বিভিন্ন প্রতিযোগিতা বিভাগে ৩ লাখ মার্কিন ডলারের বেশি অর্থমূল্যের পুরস্কার প্রদান করা হয়েছে।

আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের বিচারকদের নেতৃত্বে ছিলেন জাপানের খ্যাতিমান পরিচালক নাওমি কাওয়াসে। তাঁর সঙ্গে ছিলেন ফরাসি-তিউনিসীয় অভিনেতা আদাম বেসা, তিউনিসিয়ার প্রভাবশালী প্রযোজক ডোরা বুশুশা, ইতালির প্রামাণ্যচিত্র নির্মাতা জিয়ানফ্রাঙ্কো রোসি এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা কামাল আলজাফারি।

এই বিভাগে ‘হাউস অব দ্য উইন্ড’ চলচ্চিত্রের জন্য মরণোত্তর সেরা অভিনয়ের পুরস্কার পেয়েছেন অভিনেত্রী জোসেট কোয়ানিয়া। কাহিনিচিত্রে সেরা শৈল্পিক অর্জনের পুরস্কার পেয়েছে রাফায়েল ম্যানুয়েলের ‘ফিলিপিনিয়ানা’।

আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে মো হারাওয়ের ‘হুইসপারস অব আ বার্নিং সেন্ট’। ‘গজল-এ সর্খ’ চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক হয়েছেন মরিয়ম তাফাকোরি।

কাতারের স্থানীয় নির্মাতাদের জন্য আয়োজিত মেড ইন কাতার প্রতিযোগিতায় সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে হামাদ আল-ফাইহানির ‘ক্রলিং ইনটু মাইসেলফ’। আজিয়াল চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে কোহেই কাদোওয়াকির ‘উই আর এলিয়েনস’।

দোহা চলচ্চিত্র উৎসব ২০২৬-এর পুরস্কারজয়ীদের তালিকার মধ্যে উল্লেখযোগ্য হল: আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় সেরা কাহিনিচিত্র: জৌ জিংয়ের ‘আ গার্ল আননোন’, সেরা প্রামাণ্যচিত্র: আসমাহান বকেরাতের ‘কংক্রিট ল্যান্ড’। দর্শক পছন্দের পুরস্কার পেয়েছে ড. জামাল রশিদ আলখানজির ‘জোদারি মেনো’।”

বিজ্ঞাপন