দোহা চলচ্চিত্র উৎসবে ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস বলেছেন, "শিল্প কোনো বিলাসিতা নয়, এটি মানুষের মৌলিক প্রয়োজন।" তিনি জানান, বর্তমান বিশ্বে সংঘাত ও সহিংসতা বৃদ্ধির কারণে সিনেমার দায়িত্ব আগের যেকোনো সময়ের চেয়ে বেশি।
২০২৬ সালের দোহা চলচ্চিত্র উৎসবে ‘ক্রিয়েটিভ এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে নন্দিতা এসব কথা বলেন। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অসামান্য অবদানের জন্য নন্দিতা দাস ও সিরীয় অভিনেতা তাইম হাসানকে এই সম্মাননা দেওয়া হয়।
নন্দিতা দাস জানান, এই পুরস্কার তাঁর দীর্ঘদিনের ভিন্নধারার চলচ্চিত্রচর্চার প্রতি একটি স্বীকৃতি। তিনি বলেন, "আমার কাজের নির্বাচন বরাবরই আলাদা। এই ধরনের পুরস্কার আমাকে উৎসাহিত করে।"
৪০টির বেশি সিনেমায় অভিনয় করা নন্দিতা তিনটি চলচ্চিত্র পরিচালনা করেছেন। তাঁর অনেক কাজেই বৈষম্য ও সামাজিক বিদ্বেষের গল্প উঠে এসেছে। তিনি বলেন, "আমি যে সিনেমাগুলো নির্মাণ করেছি, সেগুলো বিভক্তি সৃষ্টি করে না।"
নন্দিতা আরও বলেন, "শিল্প কোনো বিলাসিতা নয়। এটি মানুষের সহজাত প্রয়োজন।" তিনি স্বাধীন চলচ্চিত্রের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলো স্বাধীন সিনেমার জন্য গুরুত্বপূর্ণ, তবে শুধুমাত্র উৎসবে প্রদর্শিত হওয়া যথেষ্ট নয়।
তিনি জানান, "স্বাধীন চলচ্চিত্রকে এগিয়ে নিতে পরিবেশক, প্রযোজক ও পৃষ্ঠপোষকদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কাঠামো প্রয়োজন।"
বৈষম্যের বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণের প্রসঙ্গে নন্দিতা জানান, অন্যায় দেখলে তাঁর প্রতিবাদের তাগিদ আসে। তিনি বলেন, "বৈষম্যকে চ্যালেঞ্জ করে গল্প বলা আমার কাছে সহজাত প্রবৃত্তি।"
এআই নিয়ে নন্দিতা বলেন, "চলচ্চিত্রশিল্প এমন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, যার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত নই।" তিনি বিশ্বাস করেন, মানুষের দক্ষতা ও মৌলিক সৃষ্টির মূল্য ভবিষ্যতে আরও বাড়বে।