রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

পাগলা মসজিদের দানবাক্সে ১৮ কোটি ২১ লাখ টাকা ও বিপুল স্বর্ণালংকার উদ্ধার।

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৮ কোটি ২১ লাখ টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ১৮ কোটি ২১ লাখ ৬৯ হাজার ৫১৭ টাকা। এই অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা ও বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের দানবাক্সগুলো খোলা হয়। এ সময় জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

মসজিদ কর্তৃপক্ষ জানায়, দানের অর্থ দিয়ে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণ এবং জেলার দরিদ্র ও অসহায় রোগীদের চিকিৎসায় ব্যয় করা হবে। দানের টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়।

গণনার সময় নিরাপত্তার জন্য বিপুলসংখ্যক পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। প্রায় ৪০০ মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক এবং শতাধিক ব্যাংক কর্মকর্তা টাকা গণনায় অংশ নেন। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত ১৫ ঘণ্টায় গণনা শেষ হয়।

পাগলা মসজিদের দানবাক্স সাধারণত তিন থেকে চার মাস পরপর খোলা হয়। তবে এবার প্রায় পাঁচ মাস পর ১৫টি দানবাক্স খোলা হয়েছে। এর আগে গত ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল।

মানত করে রোগ-বালাই দূর হওয়া ও বিভিন্ন মনোবাসনা পূরণের বিশ্বাস থেকে দেশের বিভিন্ন এলাকা থেকে নানা ধর্মের মানুষ এখানে দান করেন। দানের মধ্যে রয়েছে নগদ অর্থ, স্বর্ণালংকার, বৈদেশিক মুদ্রা, গরু, ছাগল ও হাঁস-মুরগি।

মসজিদের পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন জানান, নতুন দানের অর্থসহ মসজিদের ব্যাংক হিসাবে জমার পরিমাণ দাঁড়িয়েছে ১৫১ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৮১ টাকা। শিগগিরই আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ নরসুন্দা নদীর মাঝখানে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাঁর মৃত্যুর পর সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে।

কিশোরগঞ্জ জেলা শহরে নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে এটি ওয়াক্‌ফ এস্টেটের অধীনে পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন