বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মিয়ানমারের বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় দিল আইসিজে

আইসিজে জানিয়েছে, মিয়ানমারের বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে।

মিয়ানমারের বাহিনী রোহিঙ্গাদের ওপর গণহত্যার রায় দিল আইসিজে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগণের হাজার হাজার সদস্যকে হত্যা ও যৌন সহিংসতা চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার দায়ের করা গণহত্যার মামলায় এ রায় ঘোষণা করা হয়।

আইসিজে জানিয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে এবং ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা ও বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করা রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে। আদালত বলেন, এসব কর্মকাণ্ডের মধ্যে হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে।

রায় ঘোষণার কার্যক্রম প্রায় ৯০ মিনিট ধরে চলেছে। মামলাটি ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়ার পক্ষ থেকে দায়ের করা হয়। গাম্বিয়া অভিযোগ করেছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করা হয়।

গাম্বিয়ার দাবি, ওই অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে এবং এর দায় রাষ্ট্র হিসেবে মিয়ানমারের ওপর বর্তায়। অভিযানের পর বেঁচে যাওয়া রোহিঙ্গারা হত্যাকাণ্ড, গণধর্ষণ ও গ্রাম জ্বালিয়ে দেওয়ার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে।

মিয়ানমার সরকার এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা এই রায়ের দিকে তাকিয়ে রয়েছেন। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা করবে এবং নিরাপদে নিজ দেশে ফেরার পথ তৈরি করবে।

বিজ্ঞাপন