মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, তিনি ১৯৭৬ সালে মারা যান।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তাকে টাঙ্গাইলের সন্তোষে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মওলানা ভাসানীর জন্ম ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে। তিনি তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে। ১৯১১ সালে মওলানা মোহাম্মদ আলীর সান্নিধ্যে এসে রাজনীতিতে প্রবেশ করেন।

১৯১৭-১৮ সালে তিনি প্রবাসী সরকারের নেতৃত্বে তুরস্কের সাহায্যে ভারতবর্ষ স্বাধীন করার পরিকল্পনা গ্রহণ করেন এবং রেশমী রুমাল আন্দোলনে অংশ নেন। ১৯১৯ সালে তিনি কারাবরণ করেন।

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাহচর্যে এসে তিনি স্বরাজ আন্দোলনে অংশগ্রহণ করেন। খিলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনে যোগদান করে দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯২৫ থেকে ১৯২৭ সালের মধ্যে আসামে কৃষক-মজুরদের স্বার্থে সংগঠন গড়ে জমিদার ও সুদখোর মহাজনবিরোধী আন্দোলন করেন। ১৯২৮ সালে কলকাতায় খিলাফত সম্মেলন ও ১৯২৯ সালে আসামের ভাসান চরে কৃষক-প্রজা সম্মেলনে অংশ নেন।

১৯৩৬ সালে কংগ্রেস ত্যাগ করে মুসলিম লীগে যোগদান করেন এবং আসামের প্রাদেশিক মুসলিম লীগের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। ১৯৪৭ সালের ৫ মার্চ আসামে আন্দোলনের ডাক দেন এবং পরে বাংলাদেশে ফিরে আসেন।

১৯৪৮ সালের ১৭ মার্চ পূর্ব বাংলার ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে সমর্থন জানান এবং ১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন। ১৯৫৫ সালের ১৫ জুন পূর্ব বাংলার স্বায়ত্তশাসনের দাবিতে পল্টন ময়দানে ঐতিহাসিক জনসভা করেন।

১৯৫৭ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সঙ্গে রাজনৈতিক বিরোধের কারণে আওয়ামী লীগ ত্যাগ করে ন্যাশনাল আওয়ামী পার্টি প্রতিষ্ঠা করেন।

বিজ্ঞাপন