বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
ধর্ম

সাইবার অপরাধ প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার আহ্বান

সাইবার অপরাধ প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার আহ্বান জানালো এইচআরএসএস।

সাইবার অপরাধ প্রতিরোধে মানবাধিকার সুরক্ষার আহ্বান

সাইবার অপরাধ প্রতিরোধের নামে ভিন্নমত দমন, সাংবাদিকতা নিয়ন্ত্রণ, নাগরিক হয়রানি এবং ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের বিরুদ্ধে সতর্কতা জারি করেছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।

সভায় সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়ে আলোচনা হয়। বক্তারা মত প্রকাশের স্বাধীনতা এবং নাগরিক অধিকার ক্ষুন্ন হওয়ার আশংকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বিতর্কিত ধারাগুলোর সংশোধন প্রয়োজন বলে মনে করেন।

অনলাইন কনটেন্ট ব্লক, সাইবার স্পেসে মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা, হেয় প্রতিপন্ন ও বুলিংয়ের সংজ্ঞা, গুজব এবং অপতথ্যের সাজা নিয়ে বক্তারা তাদের পর্যবেক্ষণ তুলে ধরেন। ব্লাস্টের উপদেষ্টা ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী জানান, 'প্রতিষ্ঠানের অপরাধের দায়ে লাইসেন্স বা কার্যক্রম বাতিলের প্রস্তাব এবং মত প্রকাশ সম্পর্কিত কয়েকটি অপরাধকে অজামিনযোগ্য করার প্রস্তাবে আপত্তি রয়েছে।'

এইচআরএসএস এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ নূর খান বলেন, 'আন্তর্জাতিক মানবাধিকার সনদ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদের সঙ্গে সামঞ্জস্য করে সংশোধন করা দরকার।' তারা প্রস্তাবিত আইনটিকে পুরনো ধারার নতুন রূপ বলে মন্তব্য করে সংশোধনের জন্য ১১ দফা সুপারিশ উপস্থাপন করেন।

বিজ্ঞাপন