দোহা চলচ্চিত্র উৎসবের (ডিএফএফ) ২০২৬ আসরে প্রথমবারের মতো ‘আরব রাইজিং স্টারস’ সম্মাননা প্রদান করা হয়েছে। এই সম্মাননা অর্জন করেছেন আরব বিশ্বের চার উদীয়মান প্রতিভা। তাঁরা হলেন কাতারের নির্মাতা নাদিয়া আল-খাতের, ইরাকি-কুর্দি অভিনেত্রী আভান জামাল, মিসরের অভিনেতা মারাওয়ান ওয়ালিদ এবং সৌদি আরবের নির্মাতা লিনা মালাইকা।
আঞ্চলিক চলচ্চিত্রের নতুন প্রতিভা খুঁজে বের করার এক দশক পূর্তিতে স্ক্রিন ইন্টারন্যাশনালের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হয়। এই উদ্যোগের লক্ষ্য নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে প্রতিষ্ঠিত চলচ্চিত্র ব্যক্তিত্বদের সংযোগ তৈরি করা এবং আরব বিশ্বের মৌলিক গল্পগুলো আন্তর্জাতিক দর্শকের কাছে পৌঁছে দেওয়া।
নাদিয়া আল-খাতেরের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লাইট টু অ্যাশেজ’ এবারের দোহা চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় স্থান পেয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রচলিত ধারণা ও বাইরের প্রত্যাশার বিরুদ্ধে লড়তে হয়। অন্যের দৃষ্টিভঙ্গির কাছে আত্মসমর্পণ না করাটা গুরুত্বপূর্ণ।’
ইরাকি-কুর্দি অভিনেত্রী আভান জামাল অভিনয় করেছেন যুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘নো প্যারাডাইস ইফ ইউ আর কিলড বাই আ ওম্যান’-এ। ছবিটি ৯৯তম একাডেমি অ্যাওয়ার্ডসে ইরাকের জমা দেওয়া হয়েছে। আভান জানান, ‘আরব রাইজিং স্টারসের অংশ হতে পারা সত্যিই সম্মানের।’
মিসরের অভিনেতা মারাওয়ান ওয়ালিদ বলেন, ‘এই স্বীকৃতি আমার জন্য গর্বের।’ তিনি দোহা চলচ্চিত্র উৎসবে বিভিন্ন দেশের চলচ্চিত্র ব্যক্তিত্বদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগকে গুরুত্বপূর্ণ মনে করছেন।
সৌদি নির্মাতা লিনা মালাইকা জানান, ‘এমন অনুপ্রেরণাদায়ক শিল্পীদের সঙ্গে নির্বাচিত হতে পেরে আমি অত্যন্ত সম্মানিত।’ তিনি চলচ্চিত্র, লেখালেখি ও সৃজনশীল কাজের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবের প্রতিনিধিত্ব করতে গর্ব অনুভব করছেন।
আয়োজকদের প্রত্যাশা, এই উদ্যোগ আরব বিশ্বের নতুন প্রজন্মের চলচ্চিত্রকর্মীদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান তৈরিতে সহায়তা করবে।