সিরিয়ার মানবাধিকার সংস্থা সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটস (এসএনএইচআর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১১ সালে সিরিয়ায় বিপ্লব শুরুর পর থেকে আসাদ সরকারের বাহিনী ও নিরাপত্তা সংস্থার হাতে ২৩ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩ হাজার ৭৩৬ শিশু নিখোঁজ রয়েছে। এসএনএইচআর শুক্রবার (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে এই তথ্য প্রকাশ করে। সংস্থাটি জানায়, ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া সংঘাতে সিরীয় শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বেসামরিক জনগণের মধ্যে অন্যতম।
হত্যাকাণ্ডের পাশাপাশি শিশুদের নির্বিচার আটক, নির্যাতন, গুম এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাও ঘটেছে। এসএনএইচআর-এর নির্বাহী পরিচালক ফাদেল আবদুল ঘানি বলেন, ২৩ হাজার ১৪৬ শিশুকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ২২২ শিশু আটককেন্দ্রে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারিয়েছে।
নিখোঁজ শিশুদের ভাগ্য নিশ্চিত না হওয়া পর্যন্ত জোরপূর্বক গুম একটি চলমান অপরাধ হিসেবে বিবেচিত হয়, যা পরিবারগুলোর জন্য মানসিক যন্ত্রণা সৃষ্টি করছে। ২০১১ সালের মার্চ থেকে সিরিয়ায় স্কুল ও কিন্ডারগার্টেনে প্রায় ১ হাজার ২৮৭টি হামলা এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে অন্তত ৫৬৬টি হামলার ঘটনা ঘটেছে।
এসএনএইচআর জানায়, এসব হামলায় শত শত শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্র ধ্বংস হয়েছে, ফলে একটি পুরো প্রজন্ম শিক্ষা ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়েছে। মানবাধিকার বিশেষজ্ঞরা জানান, শিশুদের পরিচয় ও পারিবারিক সম্পর্ক শনাক্ত করাও একটি বড় চ্যালেঞ্জ।
ফাদেল আবদুল ঘানি বলেন, স্বাধীন তদন্তের মাধ্যমে শিশুদের পরিচয় শনাক্ত এবং তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের প্রয়োজন রয়েছে। মা-বাবার নিখোঁজ হওয়া এবং নাগরিক নথি হারিয়ে যাওয়ার কারণে অনেক শিশুর বংশপরিচয় প্রমাণ করা কঠিন হয়ে পড়েছে।
ক্ষমতাচ্যুত সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নথিপত্রের মাধ্যমে নিখোঁজ শিশুদের ভাগ্য অনুসন্ধান এবং দায়ীদের শনাক্ত করার নতুন সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত শিশুদের জন্য পূর্ণাঙ্গ পুনর্বাসন কর্মসূচি নেওয়া প্রয়োজন।