মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর প্রক্রিয়া চলতি মাসেই শুরু হবে বলে জানিয়েছেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক।
বর্তমানে সরকারের উদ্যোগে প্রথম ধাপে ১০ হাজার পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে। নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইনে কাজের সুযোগ পাবেন। নিয়োগের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করা হচ্ছে।
এ পর্যন্ত ১ হাজার ১০৩টি চাহিদাপত্র এসেছে, যার মধ্যে ৫৬৮টি চাহিদাপত্র সত্যায়ন করেছে ঢাকায় অবস্থিত মালয়েশিয়ার দূতাবাস। চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন ৩৫৮ জন। প্রথম যাত্রা শুরু হবে এ মাসের শেষ দিকে।
এদিকে, বেসরকারি খাতে কর্মী পাঠানোর জন্য সরকার ১ লাখ ৫৪ হাজার টাকা খরচ নির্ধারণ করেছে। তবে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা জানান, সবার সঙ্গে আলোচনা করে বাস্তবসম্মত খরচ ঠিক করা জরুরি।
অভিবাসন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ রাশেদ আলম ভুঁইয়া বলেছেন, ভিসা বাণিজ্য কমাতে মালয়েশিয়া থেকে সরাসরি চাহিদাপত্র আনার ব্যবস্থা করতে হবে। এছাড়া, খরচ কমাতে এজেন্সিগুলোকে ভর্তুকি দেয়ার পরামর্শ দেন তিনি।