বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) সরকারিভাবে শূন্য অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেবে। এ নিয়োগ মালয়েশিয়ার DHL Supply Chain (Malaysia) Sdn. Bhd. কোম্পানিতে অপারেশনস অ্যাসিস্ট্যান্ট ও টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে হবে।
বোয়েসেল বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উভয় পদে মাসিক মূল বেতন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত নির্ধারণ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে, যা চলবে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
অপারেশনস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে প্রার্থীদের ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে। বৃত্তিমূলক শিক্ষা কিংবা উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। ইংরেজিতে যোগাযোগের দক্ষতা, মৌলিক কম্পিউটার জ্ঞান এবং গাণিতিক দক্ষতা থাকতে হবে। প্রার্থীদের এক থেকে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
অন্যদিকে, টেকনিক্যাল স্কিল ওয়ার্কার্স পদে আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে। ইলেকট্রিক্যাল বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। এ পদে কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও ইংরেজিতে কথা বলার সক্ষমতা প্রয়োজন।
প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। দৈনিক কর্মঘণ্টা আট ঘণ্টা, সপ্তাহে কাজ করতে হবে ছয় দিন। চাকরির চুক্তির মেয়াদ তিন বছর, যা নবায়নের সুযোগ রয়েছে। নিয়োগকর্তা কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে।
আগ্রহী প্রার্থীদের বোয়েসেলের নির্ধারিত অনলাইন পোর্টালে আবেদন করতে হবে। একজন প্রার্থী শুধুমাত্র একটি পদে আবেদন করতে পারবেন। সফটওয়্যারভিত্তিক লটারির মাধ্যমে ৩০০ জনকে বাছাই করা হবে। পরে কারিগরি ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচিত হবে।
বোয়েসেল আবেদনকারীদের সতর্ক করেছে যে, চাকরি নিশ্চিত হওয়ার নিশ্চয়তা নেই এবং নিয়োগ প্রক্রিয়ার যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কর্তৃপক্ষের রয়েছে।