রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সেন্টমার্টিনে আটকা ১২০০ পর্যটক, ফিরলেন ৩৫০ জন

সেন্টমার্টিনে আটকা পড়া ১২০০ পর্যটকের মধ্যে ৩৫০ জন ফিরলেন ট্রলারে।

সেন্টমার্টিনে আটকা ১২০০ পর্যটক, ফিরলেন ৩৫০ জন

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে তিন দিন ধরে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। শনিবার সকালে ৩৫০ জন পর্যটক ও স্থানীয় বাসিন্দা ৯টি সার্ভিস ট্রলারে করে টেকনাফের উদ্দেশে রওনা হন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জরুরি প্রয়োজন, অসুস্থতা এবং নিজ উদ্যোগে দ্বীপ ছাড়তে আগ্রহীদের ফিরিয়ে আনতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে ট্রলারগুলো যাত্রা শুরু করে, প্রতিটি ট্রলারে ৬০ জন করে যাত্রী ছিলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, দ্বীপে আটকে থাকা বাকি ১ হাজার ১৫০ জন পর্যটককে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হবে।

এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি থাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কক্সবাজার-সেন্টমার্টিনসহ সংশ্লিষ্ট নৌপথে পর্যটকবাহীসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এ সিদ্ধান্ত জানিয়েছে।

গত ১৮ নভেম্বর কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া, কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে পর্যটকেরা সেন্টমার্টিন ভ্রমণে যান। পরদিন আবহাওয়ার অবনতি ও সাগর উত্তাল হয়ে ওঠায় কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়, ফলে প্রায় দেড় হাজার পর্যটক দ্বীপে আটকা পড়েন।

আটকে পড়া পর্যটকদের অভিযোগ, তারা সরকারি কোনো সহযোগিতা পাচ্ছেন না। এমনকি দ্বীপ থেকে ফিরে আসা পর্যটকদের জাহাজের ফিরতি টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়নি।

বিজ্ঞাপন