দোহা চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় আসরে বিশেষ সম্মাননা পাচ্ছেন ভারতের অভিনেত্রী ও নির্মাতা নন্দিতা দাস এবং সিরিয়ার জনপ্রিয় অভিনেতা তাইম হাসান। তাঁদেরকে ‘ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ দেওয়া হবে চলচ্চিত্র ও অভিনয়শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে। আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা তাঁদের হাতে তুলে দেওয়া হবে।
নন্দিতা দাস ৪০টির বেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি দীপা মেহতার আলোচিত সিনেমা ‘ফায়ার’ দিয়ে চলচ্চিত্রযাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি মৃণাল সেন, শ্যাম বেনেগাল, আদুর গোপালকৃষ্ণন, ঋতুপর্ণ ঘোষ ও মণি রত্নমের মতো খ্যাতিমান নির্মাতাদের সঙ্গে কাজ করেন। তাঁর পরিচালিত প্রথম সিনেমা ‘ফিরাক’ ২০০৮ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়।
অন্যদিকে, তাইম হাসান ঐতিহাসিক টেলিভিশন ধারাবাহিক ‘আল-জির সালেম’ ও ‘সালাদিন’-এ অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। তাঁর জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে ‘আল হায়বা’ ধারাবাহিকের মাধ্যমে, যা সিরিয়া ও লেবানন সীমান্তে অস্ত্র চোরাচালানের গল্প তুলে ধরে। সাম্প্রতিক সময়ে তিনি ‘তাজ’ (২০২৪), ‘আন্ডার দ্য সেভেন্থ গ্রাউন্ড’ (২০২৫) এবং ‘মাওলানা’ (২০২৬)-এ অভিনয় করেছেন।
দোহা ফিল্ম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ও উৎসবপ্রধান ফাতমা হাসান আলরেমাইহি বলেন, “চলচ্চিত্র ভৌগোলিক সীমানা অতিক্রম করে, প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ জানায় এবং মানুষকে মানবিক বন্ধনে আরও কাছাকাছি নিয়ে আসে। নন্দিতা দাস ও তাইম হাসান এই শক্তির অনন্য প্রতিনিধি।”
উৎসবের দ্বিতীয় আসর ১৯ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। এটি ইয়েমেনি-স্কটিশ নির্মাতা সারা ইসহাকের ‘দ্য স্টেশন’ সিনেমার প্রদর্শনীর মধ্য দিয়ে শুরু হবে, যা ইয়েমেনের গৃহযুদ্ধের প্রভাব নিয়ে নির্মিত হয়েছে।