দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’ প্রযোজিত জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ তৃতীয় সিজন নিয়ে আসছে। নতুন আকর্ষণীয় ফরম্যাটে এবারের সিজনটি প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি দিয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী পরিবারগুলো ধাপে ধাপে প্রতিদ্বন্দ্বিতা করে সেরা হওয়ার গৌরব অর্জন করবে এবং জিতবে সেরা পুরস্কার। সিজন-১ এবং সিজন-২-এর সাফল্যের ধারাবাহিকতায় এবারও দর্শকদের আকৃষ্ট করার লক্ষ্যে নতুন কিছু উপস্থাপন করা হচ্ছে।
গত সিজনগুলোতে টিভি ও ডিজিটাল প্ল্যাটফর্মে ১০০ কোটিরও বেশি ভিউ হয়েছিল। এই সিজনটি হাসি, বিনোদন এবং প্রাণবন্ত প্রতিযোগিতার মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করবে।
এছাড়াও, অংশগ্রহণকারী পরিবারগুলোকে ১৫ লাখ টাকারও বেশি মূল্যের পুরস্কার দেওয়া হবে। নতুন ফরম্যাটে পরিবারগুলোর বুদ্ধি, আন্দাজ করার ক্ষমতা এবং টিমওয়ার্কের পরীক্ষা নেওয়া হবে।
প্রতিটি পর্বে নতুন চ্যালেঞ্জ থাকবে এবং পরিবারের সদস্যদের নিজেদের সেরাটা প্রমাণের সুযোগ থাকবে। সিজন-৩ উপস্থাপনা করবেন জনপ্রিয় গায়ক তাহসান খান।
তাহসান বলেন, ‘ফ্যামিলি ফিউড সবসময়ই পরিবারগুলোকে হাসি ও আনন্দের সঙ্গে যুক্ত করেছে। নতুন ফরম্যাট প্রতিযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাবে।’
আইগ্যাস ইউনাইটেড টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত রয়েছে, এবং অফিসিয়াল ব্রডকাস্ট পার্টনার হিসেবে এনটিভি থাকছে। শোটির পরিচালনায় থাকছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র।