জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খানের কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন মিউজিক্যাল শর্টফিল্ম ‘আঁধার রাতের ছায়া’। এই শর্টফিল্মটি প্রচলিত মিউজিক ভিডিওর বাইরে গিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্রের আবহ ও গল্পনির্ভর দৃশ্যায়ন যুক্ত করেছে।
গানের কথা লিখেছেন সালাম সরকার এবং সুর করেছেন সোহেল অটল। যৌথভাবে গানটির সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ ও সোহেল অটল। শর্টফিল্মটির ভিডিও পরিচালনাও করেছেন সোহেল অটল।
‘আঁধার রাতের ছায়া’ শুধুমাত্র একটি গানের ভিডিও নয়; বরং সংগীত ও চলচ্চিত্রের মেলবন্ধনে নির্মিত একটি মিউজিক্যাল শর্টফিল্ম। সম্প্রতি এটি অটল’স ক্যাফে নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
প্রযোজনাটির বিশেষত্ব হলো এর দৃশ্য নির্মাণে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। গল্পের আবহ, চরিত্রের উপস্থিতি, দৃশ্যের বিন্যাস এবং সিনেম্যাটিক উপস্থাপনায় প্রযুক্তির ব্যবহার ফিল্মটিতে নতুন মাত্রা যোগ করেছে।
শিল্পী বেলাল খান বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্টিশীল চিন্তাকে কাজে রূপান্তরের যে অভাবনীয় সুযোগ তৈরি করে দিয়েছে, তার সর্বোচ্চ ব্যবহার করার সময় এখন। এই গানের ভিজ্যুয়াল তৈরিতে এআই’র সহায়তা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এটি একটি মিষ্টি প্রেমের গান। সালাম সরকার দারুণ লিখেছেন এবং সোহেল অটল দারুণ সুর করেছেন। আশা করছি সবার ভালো লাগবে।’