শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ইতোমধ্যে সরকারি অনুমতির জন্য আবেদন করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে, বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির কর্ণধার অনন্য মামুন।
তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য ‘কিং’ নিয়ে আসতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তাঁরা। মন্ত্রণালয়ে প্রয়োজনীয় আবেদন জমা দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভর করছে।
এদিকে, সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে আমদানির পরিকল্পনা রয়েছে। এর বিপরীতে এম এ রাহিম পরিচালিত বাংলাদেশি সিনেমা ‘জংলি’ ভারতে মুক্তি দেওয়া হতে পারে।
সব প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আগামী ২৪ ডিসেম্বর থেকেই দেশের প্রেক্ষাগৃহে শাহরুখের ‘কিং’ দেখা যেতে পারে। সিনেমাটির মুক্তি এখনো অনুমোদনসাপেক্ষ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার অন্যতম আকর্ষণ হলো শাহরুখের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খানের অভিনয়। বাবা-মেয়ের পাশাপাশি তারকাবহুল সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন ও রাঘব জুয়ালসহ অনেকে।