শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
বিনোদন

জিৎ ‘লায়ন’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন

জিৎ ‘লায়ন’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

জিৎ ‘লায়ন’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন

টালিউড অভিনেতা জিৎ অবশেষে রায়হান রাফীর ‘লায়ন’ সিনেমা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। দুই বছর আগে সিনেমাটির ঘোষণা হলেও নানা জটিলতায় শুটিং শুরু হয়নি। জিৎ জানিয়ে দিয়েছেন, তিনি আর সিনেমাটিতে অভিনয় করছেন না।

২০২৪ সালে জিতের জন্মদিনে ‘লায়ন’ সিনেমার ঘোষণা দেওয়া হয়েছিল। ভারতীয় প্রযোজক শ্যামসুন্দর দে-ও সিনেমাটির খবর নিশ্চিত করেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বড় বাজেটে সিনেমাটি নির্মাণের পরিকল্পনা ছিল। তবে নির্মাণের বিশাল পরিসর ও নানা কারণে শুটিং শুরুতে দেরি হচ্ছে বলে নির্মাতা রায়হান রাফী জানিয়েছিলেন।

এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো অগ্রগতি দেখা যায়নি। জিৎ বলেন, “সিনেমাটি হচ্ছে না। এর পেছনে নানা কারণ আছে। যে প্রযোজক পরিকল্পনা করছিলেন, সে এখন খারাপ সময়ের মধ্যে যাচ্ছে। আর বাংলাদেশ ও ভারতের সম্পর্কটাও খারাপ হয়েছিল।”

তিনি আরও জানান, “মাঝখানে বাংলাদেশে যে সরকার এসেছিল, তারা বিষয়টি ঠিকঠাক সামলাতে পারছিল না। যখন একটি বিষয় থেমে যায়, তখন সেটি আবার শুরু করতে অনেক সময় লেগে যায়।”

জিৎ জানান, নির্মাতা রায়হান রাফী সিনেমাটির কাজ আবার শুরু করার বিষয়ে আগ্রহী ছিলেন, তবে তার প্রস্তাবে রাজি হননি তিনি। রাফীকেও নিজের সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানিয়েছেন জিৎ।

‘লায়ন’-এ জিতের সঙ্গে অভিনয় করার কথা ছিল বাংলাদেশের অভিনেতা শরিফুল রাজের। যদিও জিৎ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কথা প্রকাশ্যে জানালেও এ বিষয়ে রায়হান রাফী এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে, রায়হান রাফী নির্মাণ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। মুক্তির অপেক্ষায় রয়েছে তার নতুন সিনেমা ‘আন্ধার’, যেখানে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, নাজিফা তুষি, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, গাজী রাকায়েত, মোস্তফা মনওয়ার ও তানজিকা আমিন। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

অন্যদিকে, আগামী অক্টোবরে শুরু হওয়ার কথা রয়েছে রাফীর ‘সুড়ঙ্গ ২’ সিনেমার শুটিং। আফরান নিশো অভিনীত সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট।

বিজ্ঞাপন