ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পাল আবারও একসঙ্গে পর্দায় আসছেন। তাদের নতুন সিনেমা ‘নিঃস্ব’-তে শাকিবের বিপরীতে ইধিকা পালকে চূড়ান্ত করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।
এর আগে ‘প্রিয়তমা’ এবং ‘বরবাদ’ সিনেমায় দর্শকদের মন জয় করেন এই জুটি। নতুন সিনেমার নির্মাতা মেহেদী হাসান হৃদয় এখনও আনুষ্ঠানিকভাবে ইধিকার নাম ঘোষণা করেননি, তবে শিগগিরই একটি এনাউন্সমেন্ট ভিডিওর মাধ্যমে তা জানানো হবে বলে আশা করা হচ্ছে।
‘নিঃস্ব’-এর নায়িকা হিসেবে ইধিকা পালের নাম নিয়ে কিছুদিন ধরেই আলোচনা চলছিল। তবে শেষ পর্যন্ত নির্মাতাদের সিদ্ধান্ত অনুযায়ী, শাকিবের বিপরীতে ইধিকার নাম চূড়ান্ত হয়েছে।
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে ‘নিঃস্ব’-এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। সিনেমাটি রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিত হবে।
২০২৩ সালে ‘প্রিয়তমা’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেকের পর, ইধিকা পাল দর্শকদের নজর কাড়েন এবং ‘বরবাদ’-এ আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধেন। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের প্রথম সিনেমা ‘বরবাদ’ও দর্শক মহলে সাফল্য পায়, যা ‘নিঃস্ব’ নিয়ে আগ্রহ সৃষ্টি করেছে।