ঢালিউডের প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূরের সম্পর্ক নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন সালমানের মা নীলা চৌধুরী। তিনি জানিয়েছেন, সালমান ও শাবনূরের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না।
নীলা চৌধুরী বলেন, শাবনূরকে সালমান ছোট বোনের মতো স্নেহ করতেন এবং তাঁকে ‘পিচ্চি’ বলে ডাকতেন। সালমানের কোনো বোন না থাকায় শাবনূরকে তিনি ছোট বোনের মতো আগলে রাখতেন।
তিনি আরও জানান, শাবনূর বিভিন্ন বিষয়ে সালমানের ওপর নির্ভর করতেন এবং প্রয়োজনের সময় সালমান তাঁকে সহযোগিতা করতেন। তবে তাঁদের এই ঘনিষ্ঠতাকে কেউ কেউ ভিন্নভাবে উপস্থাপন করেছেন, যা প্রেমের গুঞ্জন তৈরি করেছে।
শাবনূরও এর আগে একাধিকবার সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, সালমান ছিলেন তাঁর শ্রদ্ধেয় বড় ভাই এবং তাঁদের সম্পর্ককে ঘিরে কিছু মানুষ মুখরোচক গল্প তৈরি করেছেন।
সালমান শাহ ও শাবনূরের সম্পর্ক শুধুমাত্র চলচ্চিত্রের সেটেই সীমাবদ্ধ ছিল না, বরং সালমানের স্ত্রী সামিরার সঙ্গেও শাবনূরের বন্ধুত্ব ছিল। দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠতা ছিল।
সালমান শাহ ২৭টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে ১৪টি সিনেমায় তাঁর নায়িকা ছিলেন শাবনূর। তাঁদের প্রথম সিনেমা ছিল ‘তুমি আমার’। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে সালমান শাহর মৃত্যু ঘটে।
সালমান শাহর মৃত্যুর পরও শাবনূরের সঙ্গে সম্পর্ক নিয়ে আলোচনা থামেনি। সম্প্রতি সালমান শাহর মৃত্যুর ঘটনায় অভিনেতা ডনকে গ্রেপ্তারের পর পুরোনো সেই প্রসঙ্গ আবারও আলোচনায় এসেছে।