নতুন ক্যারিয়ার পদক্ষেপে জনপ্রিয় বলিউড অভিনেতা অজয় দেবগন সঞ্চালক হিসেবে অভিষেক করতে যাচ্ছেন। তিনি এবার সঞ্চালক হিসেবে দেখা যাবে জনপ্রিয় টেলিভিশন শো ‘ক্রাইম পেট্রোল’-এ।
‘সনি লিভ’-এ বহুবছর ধরে সম্প্রচারিত এই শোটি অপরাধমূলক ঘটনার সিরিজ তুলে ধরে। এর পূর্ববর্তী সঞ্চালক ছিলেন অভিনেতা অনুপ সোনি, যিনি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তবে সম্প্রতি জানা গেছে, তাঁকে সরিয়ে নতুন সঞ্চালক হিসেবে অজয়কে নিয়োগ দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অজয় ইতোমধ্যে ১৫টি এপিসোডের শুটিং সম্পন্ন করেছেন। শো’র বাকি পর্বগুলোর সঞ্চালনা তিনি করবেন কিনা, তা দর্শকদের প্রতিক্রিয়া এবং টিআরপির ওপর নির্ভর করছে।
এছাড়া, আসন্ন সিজনের অতিরিক্ত পর্বগুলোর সঞ্চালনার জন্য অভিনেতা রাজেশ তৈলাংকেও চুক্তিবদ্ধ করা হয়েছে।
সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি রহস্যময় ভিডিও শেয়ার করে অজয় এই বিষয়ের আভাস দিয়েছিলেন। ভিডিওতে তিনি বলেন, ‘মাঝে মাঝে এমন কিছু বিষয় থাকে, যা আমাদেরকে ভেতর থেকে যন্ত্রণা দেয়।’
অজয়ের সঞ্চালক হিসেবে অভিষেকের মাধ্যমে ‘ক্রাইম পেট্রোল’ নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। এর আগে তিনি ‘গঙ্গাজল’, ‘সিংঘম’ ও ‘দৃশ্যম’ ছবিতে পুলিশ চরিত্রে অভিনয় করেছেন, ফলে এই ঘরানায় তাঁর পরিচিতি রয়েছে।