দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দর্শকদের সামনে এসেছে কন্নড় সুপারস্টার ইয়াশ অভিনীত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর ট্রেলার। শনিবার সন্ধ্যায় প্রকাশিত এই ট্রেলারে রয়েছে দুর্দান্ত অ্যাকশন, রক্তপাত, বিস্ফোরণ ও প্রতিশোধের উত্তেজনাকর দৃশ্য।
১৯৮০-এর দশকের গোয়াকে পটভূমি করে নির্মিত ‘টক্সিক’-এর ট্রেলারের শুরুতেই ইয়াশের চরিত্রের সঙ্গে তার ছেলের জটিল সম্পর্ক তুলে ধরা হয়েছে। ট্রেলারে একাধিক সহিংস দৃশ্যের মধ্য দিয়ে গল্পের নানা স্তর উন্মোচিত হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, ইয়াশকে এই সিনেমায় দুটি ভিন্ন চরিত্রে দেখা যাবে—রায়া ও রুমি।
ট্রেলারে বাবার আদর্শগত সংঘাতকে কেন্দ্র করে গল্পের মূল কাহিনী গড়ে উঠছে। বিশেষ করে রায়া ও টক্সিকের মুখোমুখি সংঘর্ষের দৃশ্য দর্শকদের মধ্যে বাড়তি রোমাঞ্চ সৃষ্টি করেছে। এই সম্পর্কের টানাপোড়েন গল্পের গতিপথকে কেমন প্রভাবিত করবে, তা নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।
‘টক্সিক’-এ ইয়াশের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। কিয়ারাকে দেখা যাবে নাদিয়া চরিত্রে, নয়নতারাকে গঙ্গা, হুমা কুরেশিকে এলিজাবেথ, তারা সুতারিয়াকে রেবেকা এবং রুক্মিণী বসন্তকে মেলিসা চরিত্রে।
ট্রেলারের বিভিন্ন দৃশ্যে নারীবিদ্বেষ, রাগ, লোভ ও ক্ষমতার দ্বন্দ্বের মতো বিষয়গুলো উঠে এসেছে। ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারা সুতারিয়ার চরিত্রগুলোর সম্পর্কের নানা ইঙ্গিতও পাওয়া গেছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে।
সম্প্রতি ‘টক্সিক’-এর নতুন গান ‘মানমোহকা’ প্রকাশিত হয়েছে, যেখানে ইয়াশের সঙ্গে কিয়ারা ও তারার উপস্থিতি দেখা গেছে। গানটির দৃশ্যায়নেও তিন চরিত্রের মধ্যকার জটিল সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।
গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক’ সিনেমাটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে এবং পরবর্তীতে হিন্দি, তেলেগু, তামিল ও মালয়ালমসহ বিভিন্ন ভাষায় ডাব করে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। ২০২৪ সালের আগস্টে সিনেমাটির শুটিং শুরু হয়েছিল এবং এটি আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।